সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’, বাবাকে বলেছিলেন বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। প্রথমবারের নির্বাচনে অংশ নিয়েই এমন পারফরম্যান্স ইতিমধ্যে রাজনৈতিক মহলে বড় চমক তৈরি করেছে। এই সাফল্য শুধু রাজনৈতিক মহলই নয়, উচ্ছ্বসিত করেছে তাঁর পরিবারকেও।

এই পরিপ্রেক্ষিতে মুখ খুললেন বিজয়ের বাবা, নির্মাতা এস এ চন্দ্রশেখর। তিনি জানালেন, দুই বছর ধরেই তাঁর ছেলের আত্মবিশ্বাস ছিল অবিচল— এমনকি তিনি নিজেকে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবেও দেখতেন।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্রশেখর বলেন, ‘আমি ভীষণ গর্বিত ও আনন্দিত। গত দুই বছরে আমি দেখেছি, ওর আত্মবিশ্বাস অসাধারণ। “আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব”— এই বিশ্বাসে এক শতাংশও সন্দেহ ছিল না ওর। এ কথা ও আগেই বলেছে।’

চন্দ্রেশখর আরও যোগ করেন, ‘একজন নেতার জন্য এই সাহস— কোনো জোট ছাড়াই লড়াই করা— খুবই প্রশংসনীয়। এটা তামিলনাড়ু ও তার মানুষের জন্যও ভালো। আমি মনে করি, এটা ঐতিহাসিক সাফল্য।’

বিজয়ের সাফল্যে তাঁর মা শোভা চন্দ্রশেখরও আনন্দিত বলে বলেন জানান এস এ চন্দ্রশেখর। চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা না হলেও প্রাথমিক ট্রেন্ডে টিভিকে ১০০-এর বেশি আসনে এগিয়ে। এই খবর ছড়াতেই বিজয়ের বাসভবনের বাইরে শুরু হয় উদ্‌যাপন।

ভক্তদের ভিড় বাড়তে থাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এলাকায়।

এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানকেও দেখা গেছে বিজয়ের বাড়িতে। দীর্ঘদিনের সহ-অভিনেত্রী ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তাঁর উপস্থিতিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বিজয়ের সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন তামিল তারকা নানি, ভেঙ্কট প্রভুসহ অনেকেই।

ইন্ডিয়া টুডে অবলম্বনে

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন