শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উত্তরপশ্চিম ইরানের জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। ইরানিয়ান মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে শিনহুয়া ও ডন।

শুক্রবার (১ মে) ঘটে যাওয়া এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা। জানজানের আনসার আল-মাহদি কর্পসের এক বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার সময় ফেলে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় এই প্রাণঘাতী বিস্ফোরণ ঘটে।

বিবৃতিতে আরও জানানো হয়, বিস্ফোরণটি একটি অজ্ঞাত ধরনের গোলাবারুদের কারণে ঘটেছে। নিহতরা সবাই আইআরজিসির অভিজ্ঞ, উচ্চ প্রশিক্ষিত এবং বিশেষায়িত সদস্য ছিলেন।

আনসার আল-মাহদি কর্পস দাবি করেছে, তারা ইতোমধ্যে ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত গোলাবারুদ শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালায়। এতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, শীর্ষ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন