যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের কাছে সংশোধিত একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। বৃহস্পতিবার মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের হাতে এই প্রস্তাবটি তুলে দেওয়া হয়েছে বলে এক ইরানি কূটনীতিক জানিয়েছেন।
তিনি শুক্রবার (১ মে) আলজাজিরাকে জানান, প্রস্তাবটি আগের দিনই পাকিস্তানের কাছে পাঠানো হয়।
ইরানের এই নতুন প্রস্তাবের অপেক্ষায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে ইরান যে প্রস্তাব দিয়েছিল, তা তিনি প্রত্যাখ্যান করেছিলেন।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, আগের প্রস্তাবে প্রথমে যুদ্ধবিরতি এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার কথা ছিল। তবে ট্রাম্প চান, যুদ্ধ চলাকালীন অবস্থাতেই পারমাণবিক চুক্তি সম্পন্ন হোক। নতুন সংশোধিত প্রস্তাবে ইরান কী প্রস্তাব দিয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যৌথ হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন ধরে চলে সংঘাত।
এই হামলা-পাল্টা হামলার পরিস্থিতির মধ্যে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো কার্যকর রয়েছে।

