যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা বে এলাকার জলপথ থেকে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন ধরে ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এই পিএইচডি গবেষককে খুঁজে বের করতে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছিল।
রবিবার (২৬ এপ্রিল) গভীর রাতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তথ্য নিশ্চিত করে। উদ্ধার হওয়া দেহাবশেষ পিনেলাস কাউন্টির একটি স্থানে পাওয়া যায়। হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তরের তথ্যমতে, ইন্টারস্টেট ২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থের কাছাকাছি এলাকা, যা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের সেন্ট পিটার্সবার্গ অংশের কাছে, সেখান থেকেই এটি উদ্ধার করা হয়েছে।
গত সপ্তাহে জামিল লিমন নামে আরেক শিক্ষার্থীর সঙ্গে নিখোঁজ হন বৃষ্টি। পরে শুক্রবার (২৪ এপ্রিল) ট্যাম্পার কাছাকাছি একটি সেতুর ওপর থেকে লিমনের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর লিমনের ২৬ বছর বয়সি রুমমেট হিশাম আবুগারিবেহকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্রসহ পরিকল্পিতভাবে দুজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে লিমনের দেহ একাধিক কালো ট্র্যাশ ব্যাগের ভেতরে পচনধরা অবস্থায় পাওয়া যায়। তদন্তকারীদের ধারণা, বৃষ্টির মরদেহও একইভাবে সরিয়ে ফেলা হয়েছিল।
তবে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
সূত্র: সিবিএস নিউজ
খুলনা গেজেট/এনএম

