ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত ৬২ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
পশ্চিমবঙ্গের এবারের বিধানসভার নির্বাচন দুই ধাপে হচ্ছে। রাজ্যটির ২৯৪টি আসনের মধ্যে আজ ভোট হচ্ছে ১৫২টি আসনে। যারমধ্যে ৮০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ধারণা করা হচ্ছে। এগুলোতে ভোটার আছেন সাড়ে তিন কোটিরও বেশি।
দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৯ এপ্রিল। কিন্তু ওইদিনই ফলাফল ঘোষণা করা হবে না। রাজ্যটিতে আগামী পাঁচ বছরের জন্য কে ক্ষমতায় আসবে সেটি জানা যাবে ৪ মে।
আজকে ভোটারদের সবচেয়ে বেশি উপস্থিতি দেখা যাচ্ছে পশ্চিম মদিনীপুরে। সেখানে ৪৪ দশমিক ৬৯ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরপর যথাক্রমে আছে ঝারগ্রাম, সেখানে ভোট দিয়েছেন ৪৩ দশমিক ৭১ শতাংশ ভোটার। আর তৃতীয় সর্বোচ্চ বাঙ্কুরায় ভোট দিয়েছেন ৪৩ দশমিক ২২ শতাংশ ভোটার।
পশ্চিমবঙ্গে সর্বশেষ ২০২১ সালে নির্বাচন হয়। সেবার মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের ২১৫টিতে একাই জয় পেয়েছিল। অপরদিকে প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছিল ৭৭টি আসন।
ওইবারের নির্বাচনের মাধ্যমে তৃণমূল কংগ্রেস টানা তৃতীয়বার রাজ্যটির ক্ষতায় আসে। সর্বশেষবার বিজেপি খুব বেশি আসন না পেলেও; এবার তারা ক্ষমতায় আসার পরিকল্পনা করছে। যার অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে এসে বিজেপির হয়ে প্রচারণা চালিয়েছেন।
সূত্র: এনডিটিভি

