মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

আমিরাতে দুই বাংলাদেশি প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা শুরু

ফরহাদ হুসাইন, আমিরাত প্রতিনিধি

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান— আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ও হল সুপার কিরণ আখতার জানান, তাঁর প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন ৫০ জন পরীক্ষার্থী। এর মধ্যে নিয়মিত ৩৮ জন এবং অনিয়মিত ১২ জন।

অন্যদিকে, উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন ৪৫ জন। তবে পরীক্ষায় অংশ নেন ৪৪ জন; ১ জন অনুপস্থিত ছিলেন বলে জানান বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মোহাম্মদ শাহনেওয়াজ। পরীক্ষার্থীদের মধ্যে ২৪ জন বিজ্ঞান বিভাগের এবং ২১ জন ব্যবসায় শিক্ষা বিভাগের।

বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় কনস্যুলেটের পক্ষ থেকে কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ পরীক্ষায় দূতাবাসের পক্ষ থেকে শ্রম কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, উভয় প্রতিষ্ঠানেই ইংরেজি মাধ্যমে পাঠদান করা হয় এবং শিক্ষার্থীরা বৈদেশিক কেন্দ্রের পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন