এবার পশ্চিমবঙ্গে গরুর মাংস নিষিদ্ধের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

‘আসামের ধুবড়িতে ঈদের সময় গোমাংস খাওয়া লোকজন হিন্দুদের ঘরের সামনে গোমাংস রাখতে শুরু করে দিয়েছিল। আমি পুলিশকে বলেছি, হিন্দুদের বাড়ির সামনে গোমাংস রাখতে দেখলেই সোজা গুলি মারবে। একদিনে গোমাংস রাখা বন্ধ হয়ে গেছে’-পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারণায় এসে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রীতিমত মুসলিমদের বিরুদ্ধে আগুন ছুড়ে দিয়েছেন হিমন্ত। আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘এই যে মমতা দিদি আছেন সব সময় মিথ্যা কথা বলেন। মোদিজিকে সকালবেলা গালি দিতে থাকে, আর বিকেল বেলা বাংলাদেশি মুসলমানদের কোলে তুলে রাখেন।’

এখানই থেমে না থেকে পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রি বন্ধ করার হুমকিও দেন হিমন্ত। বলেন, মমতা ব্যানার্জি কেন মাছ-মাংসের কথা বলছেন? উনিও জানেন আসামে, বিহারে বিজেপি সরকার আছে সেখানে মানুষ মাছ মাংস খায়। কিন্তু মমতা দিদি কি বলছে? বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষ মাছ-মাংস খেতে পারবে না।’

তিনি যোগ করেন, ‘মমতা দিদির ভয় বিজেপি সরকার এলে গরুর মাংস বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কান্না করছেন একটাই কারণে যে বিজেপি সরকার এলে পশ্চিমবাংলায় যদি গোমাংস বন্ধ হয়ে যায়।। আমি মমতা দিদিকে বলছি সত্যি সত্যি গোমাংস বন্ধ হতেও পারে।’

প্রসঙ্গত, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে। আর ৪ মে নির্বাচনের ফল ঘোষণার কথা রয়েছে। নির্বাচনের আগে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির মধ্যে উত্তাপ বাড়ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন