যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় সহায়তা করার অভিযোগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। তেহরানের দাবি, এই দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
গত সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। খবর আল-জাজিরা ও এএফপির।
ক্ষতিপূরণ দাবি করা দেশগুলো হলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার ও জর্ডান। চিঠিতে ইরানি দূত উল্লেখ করেন, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা পরিচালনার সুযোগ করে দিয়ে এই দেশগুলো সরাসরি দায়বদ্ধতা লঙ্ঘন করেছে। ফলে যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার দায় নিয়ে দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে বড় ধরনের যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় কয়েক হাজার মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া যায়। এর প্রতিক্রিয়ায় গত সপ্তাহে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার আগপর্যন্ত ইসরায়েল, ইরাক, জর্ডান এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান।
এদিকে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে তৈরি হওয়া সংকট নিরসনে গত রোববার পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ সেই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুদ্ধবিরতি চললেও এই ক্ষতিপূরণের দাবি নতুন করে উত্তাপ ছড়াতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
সূত্র- আনাদোলু এজেন্সি

