ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সর্বশেষ হামলায় তারা ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। একই সঙ্গে অন্তত ২০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, হামলাগুলো ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পরিচালিত হয়েছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানগুলোও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে। এর মধ্যে বাহরাইনে মার্কিন বাহিনী অবস্থানরত একটি ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে থাকা মার্কিন হেলিকপ্টার ইউনিটের ওপর হামলার কথাও উল্লেখ করা হয়।
ওই হামলায় একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, পূর্ণ শক্তি দিয়ে এই হামলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তবে এ বিষয়ে ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র : আল-জাজিরা

