ভারতের নির্বাচন কমিশন রোববার বিকেলে চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাজ্যগুলি হলো, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরালা এবং পুদুচেরি। সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই তফসিল ঘোষণা করে জানিয়েছেন পশ্চিমবঙ্গে ভোট হবে দুই দফায়। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল এই ভোট নেয়া হবে। গণনা হবে ৪ মে।
২০২১ সালে পশ্চিমবঙ্গ ভোট হয়েছিল আট দফায়। পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্যগুলিতে ভোট হবে এক দফায়। আসাম, কেরালা ও পুদুচেরিতে ভোট হবে ৯ এপ্রিল, তামিলনাড়ুতে ২৩ এপ্রিল এবং পুদুচেরির ভোট হবে ৯ এপ্রিল।
আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনের সময়সূচী এবং পর্যায়ক্রমে ভোটগ্রহণ পরিকল্পনা চূড়ান্ত করার জন্য নির্বাচন কমিশনের বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা হয়েছে। ১৭ কোটি ৪০ লাখ ভোটার এই রাজ্যগুলিতে ভোট দেবেন বলে কমিশন জানিয়েছে। নির্বাচন কমিশন ঘোষণা করেছে, সব ভোটকেন্দ্রের জন্য ১০০ শতাংশ ওয়েবকাস্টিং ব্যবস্থা থাকবে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, এই রাজ্যগুলির বিধানসভার মেয়াদ মে এবং জুন মাসে বিভিন্ন তারিখে শেষ হচ্ছে। নির্বাচনী আইন অনুসারে, কমিশনকে তার আগে নির্বাচন পরিচালনা করতে হচ্ছে। এই রাজ্যগুলিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর সম্পন্ন হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকাও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তবে পশ্চিমবঙ্গে সম্পূরক তালিকা প্রকাশ করা হবে।
এসআইআর প্রসঙ্গে জ্ঞানেশ জানান, এর লক্ষ্য ছিল যাতে কোনও বৈধ ভোটার বাদ না পড়েন। একই সঙ্গে যাতে কোনও অবৈধ ভোটার থেকে না যান, তা-ও নিশ্চিত করার জন্য এসআইআর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

