বুধবার । ১১ই মার্চ, ২০২৬ । ২৬শে ফাল্গুন, ১৪৩২

জ্বালানি সংকটে পাকিস্তানের স্কুল বন্ধ, সরকারি অফিস চলবে সপ্তাহে ৪ দিন

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্বের অনেক দেশ জ্বালানি সংকটের ঝুঁকিতে পড়েছে। সংকট মোকাবিলায় এক অভাবনীয় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

জ্বালানি সাশ্রয়ে সোমবার (৯ মার্চ) রাতে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশজুড়ে ‘যুদ্ধকালীন কৃচ্ছ্রসাধন পরিকল্পনা’ ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনার আওতায় সরকারি দাপ্তরিক সময় কমিয়ে আনা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কর্তনের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেহবাজ শরীফ ঘোষণা দেন, এখন থেকে সব সরকারি অফিস সপ্তাহে চার দিন কাজ করবে।

এ ছাড়া আগামী দুই সপ্তাহের জন্য স্কুল ও কলেজ বন্ধ থাকবে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে।

তিনি সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে তাদের ৫০ শতাংশ কর্মীর বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

যুদ্ধকালীন কৃচ্ছ্রসাধন পরিকল্পনার আওতায় আগামী দুই মাসের জন্য সব সরকারি ও দাপ্তরিক যানবাহনের জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী সব সংসদ সদস্যের বেতন ২৫ শতাংশ কমানোর ঘোষণাও দিয়েছেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন