নেপালের সাধারণ নির্বাচনে বড় ধরনের জয়ের দিকে এগিয়ে যাচ্ছে র্যাপার ও রাজনীতিক বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। দেশটির ২৭৫ সদস্যের প্রতিনিধি সভায় দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রবিবার (৮ মার্চ) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, ১৬৫টি একক নির্বাচনী আসনের মধ্যে ১৬৪টির ফলাফল কিংবা এগিয়ে থাকা প্রার্থীদের তথ্য প্রকাশ হয়েছে। এর মধ্যে আরএসপি সরাসরি ১১৯টি আসনে জয় পেয়েছে এবং আরও ৬টি আসনে এগিয়ে রয়েছে। সমানুপাতিক পদ্ধতিতে বণ্টিত আসন যুক্ত হলে সংসদের নিম্নকক্ষে দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সমানুপাতিক ভোট গণনাতেও আরএসপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। সারা দেশে গণনা হওয়া মোট ৪৫ লাখ ৩০ হাজার ৯১৩ ভোটের মধ্যে দলটি পেয়েছে ২২ লাখ ৩৯ হাজার ৮৭০ ভোট, যা এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রায় অর্ধেক এবং অন্য সব দলের সম্মিলিত ভোটের চেয়েও বেশি।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নেপালি কংগ্রেস, যারা পেয়েছে ৭ লাখ ৬০ হাজার ৪৮৫ ভোট। এ ছাড়া সিপিএন–ইউএমএল পেয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৭৭০ ভোট, নেপালি কমিউনিস্ট পার্টি পেয়েছে ৩ লাখ ০৪ হাজার ৬২ ভোট, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি পেয়েছে ১ লাখ ৬৩ হাজার ১৫১ ভোট এবং শ্রম সংস্কৃতি পার্টি পেয়েছে ১ লাখ ৭ হাজার ৩২ ভোট।
সরাসরি নির্বাচনে নেপালি কংগ্রেস এখন পর্যন্ত ১৭টি আসনে জয়ী হয়েছে। এছাড়া সিপিএন–ইউএমএল ৭টি আসনে, নেপালি কমিউনিস্ট পার্টি ৭টি আসনে, শ্রম সংস্কৃতি পার্টি ৩টি আসনে এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি একটি আসনে জয়ী হয়েছেন।
নেপালের ২৭৫ সদস্যের প্রতিনিধি সভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৮৪টি আসন। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, সমানুপাতিক আসন বণ্টন সম্পন্ন হলে আরএসপি এই সংখ্যায় পৌঁছাতে পারে অথবা তার খুব কাছাকাছি যেতে পারে। এমনটি হলে দলটি অন্য কোনো দলের সমর্থন ছাড়াই সংবিধান সংশোধনের মতো বড় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অর্জন করবে।
খুলনা গেজেট/এমএনএস

