লেবাননের পূর্বাঞ্চলের শহর শমেস্তায় ইসরায়েলি হামলায় চার শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতের মধ্যে একজন নারীও রয়েছেন। তবে হামলার লক্ষ্যবস্তু বা ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইসরায়েলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লেবাননের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে হামলা বেড়েছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রায়ই গোলাবর্ষণ ও বিমান হামলার ঘটনা ঘটছে, যা বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে বলে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে।
লেবাননে গত সোমবার থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের বিভিন্ন স্থানে গতকাল রাতভর হামলা চালানো হয়েছে। লেবাননে হিজবুল্লাহকে দুর্বল করতে হামলা অব্যাহত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইডিএফ বলেছে, গতকাল রাতভর লেবাননের দক্ষিণাঞ্চল এবং বেকা উপত্যকায় হিজবুল্লাহর রকেট লঞ্চার, অস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আইডিএফ বলছে, হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননের মাজদাল সেল এলাকায় দুটি রাদওয়ান কমান্ড সেন্টারেও আঘাত করা হয়েছে।
উল্লেখ্য, হিজবুল্লাহর এলিট কমান্ডো ইউনিট রাদওয়ান ফোর্স নামে পরিচিত।
খুলনা গেজেট/এমএনএস

