শনিবার । ৭ই মার্চ, ২০২৬ । ২২শে ফাল্গুন, ১৪৩২

লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলে আহত

আন্তর্জাতিক ডেস্ক

লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচের ছেলে সামান্য আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। তবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

ইসরায়েল একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধে জড়িয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে তারা। অন্যদিকে ইরানে হামলার প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা চালালে সেখানেও পাল্টা আঘাত হানা শুরু করেছে ইসরায়েল।

লেবানন সীমান্তে এখন তুমুল যুদ্ধ চলছে। ইসরায়েল দক্ষিণ লেবানন ও রাজধানী বৈরুতে নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে। এতে এখন পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।

হিজবুল্লাহও ছেড়ে কথা বলছে না। ইরানে হামলার প্রতিশোধ নিতে সীমান্তবর্তী ইসরায়েলি সামরিক ঘাঁটি ও চৌকিগুলোতে একের পর এক রকেট ছুড়ছে তারা।

শুক্রবার (৬ মার্চ) ভোরে সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় একটি বার্তা প্রকাশ করে। সেখানে ইসরায়েলি বাসিন্দাদের লেবানন সীমান্ত থেকে ৫ কিলোমিটার (প্রায় ৩ মাইল) এলাকার মধ্যে থাকা শহরগুলো খালি করার আহ্বান জানানো হয়।

বার্তায় হিজবুল্লাহ জানায়, ‘লেবাননের সার্বভৌমত্ব ও সাধারণ নাগরিকদের ওপর যে সামরিক আগ্রাসন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে; তা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন