সোমবার । ১৬ই মার্চ, ২০২৬ । ২রা চৈত্র, ১৪৩২

ইরানের সঙ্গে যোগাযোগ নেই : কাতার

আন্তর্জাতিক ডেস্ক

কাতার জানিয়েছে, ইরানের সঙ্গে বর্তমানে তাদের দেশের কোনো ধরনের যোগাযোগ নেই।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “ইরানের সঙ্গে আমাদের কোনো চলমান যোগাযোগ নেই।”

মঙ্গলবার (৩ মার্চ) আলজাজিরা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই খবর দিয়েছে।

তিনি আরো বলেন, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের (ইন্টারসেপ্টর মিসাইল) মজুত শেষ হয়ে যায়নি। চলমান হুমকি মোকাবিলায় তাদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে।

এ ছাড়া উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করলে তারা আবার আলোচনায় ফিরবে, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

তিনি বলেন, কাতারের ভেতরে মোসাদের সেল পরিচালিত হচ্ছে এমন কোনো তথ্য তাদের সরকারের কাছে নেই।

এর আগে মার্কিন সম্প্রচারমাধ্যমের উপস্থাপক টাকার কার্লসন দাবি করেন, কাতার ও সৌদি আরব মোসাদের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। কাতারের বেশ কিছু স্থাপনায় ইরানি ড্রোন আঘাত করেছে।

অবশ্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে, কাতারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন