যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। দেশটির নৌবাহিনী এ ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বৈশ্বিক তেলবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, দীর্ঘ সময়ের জন্য এই পথ বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২৫০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে, যা বর্তমানে প্রায় ৮০ ডলারের কাছাকাছি রয়েছে।
ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত এই সংকীর্ণ জলপথ পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। প্রণালীর এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান অবস্থান করছে।
বিশ্বের মোট তেল ও জ্বালানি পরিবহনের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিচালিত হয়। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও কাতার থেকে রপ্তানিকৃত বিপুল পরিমাণ অপরিশোধিত তেল প্রতিদিন এই রুট অতিক্রম করে। ধারণা করা হয়, বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় ১৫–২০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ৩০ শতাংশের বেশি এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়।
বিশেষ করে এশীয় দেশগুলো সবচেয়ে বেশি নির্ভরশীল এই রুটের ওপর। প্রণালী দিয়ে পরিবাহিত তেলের প্রায় ৮২ শতাংশ এশিয়ায় যায়, আর ইউরোপে যায় বাকি অংশ। শুধু চীনের এলএনজি আমদানির প্রায় এক-চতুর্থাংশ এই পথের ওপর নির্ভরশীল।
প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০টি জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করে, ব্যস্ত সময়ে প্রতি কয়েক মিনিট পরপর জাহাজ পারাপার হয়।
খুলনা গেজেট/এএজে

