পবিত্র মাস রমজানে দুবাইয়ের শ্রমিকদের জন্য ৩০ হাজার ইফতার বিতরণের লক্ষ্য নিয়ে কাজ করছেন অমুসলিম দুই ভাই-সুধাকর আর. রাও ও প্রভাকর রাও। তাদের সঙ্গে রয়েছেন সুধাকরের মেয়ে ঐশ্বর্যা। দুবাইভিত্তিক প্রতিষ্ঠান জেমিনি গ্রুপ রিয়েল স্টেট ডেভেলপমেন্টস-এর উদ্যোক্তা এই পরিবার গত পাঁচ-ছয় বছর ধরে নিয়মিতভাবে রমজানে ইফতার বিতরণ করে আসছেন।
৬৬ বছর বয়সী সুধাকর গত ২২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। তিনি বলেন, দুবাই যখন কেবল গড়ে উঠছিল, এমনকি বুর্জ খালিফার জায়গাটি ছিল খননকাজের পর্যায়ে-সেই সময় থেকেই তিনি শহরটির পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। তবে তার মতে, দুবাইয়ের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিক হলো রমজানের চেতনা। খবর খালিজ টাইমসের।
শুরুটা ছিল ছোট পরিসরে-প্রতিদিন ২৫০ প্যাকেট ইফতার বিতরণ দিয়ে। এবার তারা পুরো ৩০ দিন প্রতিদিন এক হাজার শ্রমিকের হাতে ইফতার তুলে দেয়ার পরিকল্পনা নিয়েছেন। সব মিলিয়ে ৩০ হাজার ইফতার বিতরণ করা হবে।
সুধাকর বলেন, ‘সংখ্যা বড় বিষয় নয়, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো প্রকৃত শ্রমিক ক্যাম্পগুলোতে পৌঁছানো এবং দরিদ্র শ্রমিকদের হাতে ভালো মানের খাবার তুলে দেয়া।’ তিনি জানান, নিজে, তার ভাই ও মেয়ে একাধিকবার ক্যাম্পে গিয়ে খাবারের মান ও বিতরণ প্রক্রিয়া তদারকি করেন। শ্রমিকদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন।
তার ভাষায়, ‘আমরা এটা আন্তরিকতার সঙ্গে করি। কারও চাপ নেই, কোনো বাধ্যবাধকতাও নেই। এটা আমাদের ভেতর থেকে আসে।’ তিনি আরও জানান, ২০১৯ সালে ভারতের পুলওয়ামা হামলার পরও তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিলেন।
তেল-গ্যাস খাত থেকে শুরু করে বর্তমানে রিয়েল এস্টেট ব্যবসায় সক্রিয় সুধাকর রমজান মাসে ব্যবসার ব্যস্ততা কিছুটা কমিয়ে সমাজসেবায় সময় দেন। তার মতে, মানবিক উদ্যোগই প্রকৃত তৃপ্তি এনে দেয়।
খুলনা গেজেট/এমএনএস

