জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে ইরান, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নয়া উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এবার চীনের কাছ থেকে জাহাজ বিধ্বংসী উন্নত অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগ নিয়েছে ইরান। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকির মধ্যে তেহরান তার সমুদ্র প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা জোরদার করতে এই পদক্ষেপ নিচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান চীনের তৈরি সিএম-৩০২ ধরনের উচ্চগতির অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহী। এই ক্ষেপণাস্ত্র প্রায় ২৯০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং আধুনিক নৌ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য ঝুঁকি বাড়তে পারে।

খবরে আরও বলা হয়েছে, ইসরায়েল-ইরান সংঘাত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক কঠোর বক্তব্যের পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর তেহরান তার প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়ন শুরু করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

এই সম্ভাব্য চুক্তি বাস্তবায়িত হলে চীন ও ইরানের সামরিক সহযোগিতা আরও গভীর হবে এবং তা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে উপসাগরীয় অঞ্চলে সামরিক প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন