মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-আ-লাগো এস্টেটের সুরক্ষিত এলাকায় অস্ত্র হাতে প্রবেশের চেষ্টা করেছিলেন এক যুবক। সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে সেখানেই গুলি করে হত্যা করেছে। খবর ফক্স নিউজের।
রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে।
সিক্রেট সার্ভিস জানায়, আনুমানিক রাত ১টা ৩০ মিনিটের দিকে সন্দেহভাজন ফ্লোরিডার পাম বিচে অবস্থিত ট্রাম্পের সে এস্টেটে ‘বিনা অনুমতিতে প্রবেশ’ করে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, উত্তর গেটের কাছে ওই ব্যক্তিকে একটি শটগানের মতো অস্ত্র এবং একটি জ্বালানির ক্যান হাতে দেখা যায়। পরবর্তীতে সিক্রেট সার্ভিসের এজেন্ট এবং পাম বিচ কাউন্টি শেরিফ’স অফিসের এক ডেপুটি তাকে থামানোর চেষ্টা করেন। এসময় গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যান ওই যুবক।
এ ঘটনায় সিক্রেট সার্ভিস বা পাম বিচ কাউন্টি শেরিফস অফিসের কোনো সদস্য আহত হননি। এছাড়া ঘটনার সময় সংশ্লিষ্ট সম্পত্তিতে সিক্রেট সার্ভিসের সুরক্ষাভুক্ত কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না বলে কর্মকর্তারা জানান।
গত জানুয়ারিতে ওহাইও অঙ্গরাজ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটে। তবে ঘটনার সময় ভ্যান্স বা তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। সে সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে সিক্রেট সার্ভিস।
খুলনা গেজেট/এমএনএস

