বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন করে আশার আলো দেখছেন কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রকাশিত হয়। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন দল।
এই খবর কলকাতার তথাকথিত ‘মিনি বাংলাদেশ’ হিসেবে পরিচিত নিউ মার্কেট অঞ্চলে পৌঁছাতেই ব্যবসায়ী মহলে ইতিবাচক সাড়া পড়ে যায়। দীর্ঘদিনের মন্দার পর আবারও ব্যবসা চাঙ্গা হওয়ার প্রত্যাশায় বুক বাঁধছেন তারা।
নিউ মার্কেট এলাকা দীর্ঘদিন ধরেই বাংলাদেশি পর্যটক, চিকিৎসা সেবা ও কেনাকাটার জন্য আগত ক্রেতাদের অন্যতম গন্তব্য। হোটেল মালিক, পরিবহন ব্যবসায়ী, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান, স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী, পোশাক ব্যবসায়ী থেকে শুরু করে ছোট মুদি দোকান ও চায়ের দোকানি-প্রায় সকলেই বাংলাদেশি ক্রেতাদের ওপর অনেকাংশে নির্ভরশীল।
ব্যবসায়ীদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এর প্রভাব পড়ে ভিসা ইস্যু ও সীমান্ত পারাপারে। ফলে বাংলাদেশ থেকে কলকাতায় আগত মানুষের সংখ্যা প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কমে যায়। এতে নিউ মার্কেট কেন্দ্রিক ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।
একজন হোটেল ব্যবসায়ী জানান, ‘আগে আমাদের অধিকাংশ রুম বাংলাদেশি অতিথিদের জন্য বুকড থাকত। এখন সেই চিত্র বদলে গেছে। নতুন সরকার গঠনের পর যদি ভিসা প্রক্রিয়া সহজ হয়, তাহলে পরিস্থিতি আবার বদলাতে পারে।’
মানি এক্সচেঞ্জ ও ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরাও একই আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের প্রত্যাশা, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হলে পর্যটন, চিকিৎসা ভ্রমণ ও কেনাকাটার জন্য কলকাতায় বাংলাদেশিদের আগমন আবারও বাড়বে।
ব্যবসায়ীদের ভাষায়, নিউ মার্কেটের প্রাণই হলো বাংলাদেশি ক্রেতারা। তারা আশা করছেন, নতুন সরকারের অধীনে কূটনৈতিক সম্পর্ক উন্নত হবে, ভিসা দেয়া বাড়বে এবং কলকাতার ‘মিনি বাংলাদেশ’ আবারও ফিরে পাবে তার হারানো ছন্দ।
খুলনা গেজেট/এমএনএস

