সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ২৭

গেজেট ডেস্ক

দক্ষিণ-পূর্ব সীমান্ত প্রদেশ সিস্তান-বেলুচেস্তানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদর দপ্তরে হামলায় ইরানি নিরাপত্তা বাহিনীর অন্তত ১১ সদস্য নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে, জাইশ আল-আদল (আর্মি অফ জাস্টিস)-এর ১৬ সদস্য – নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচেস্তানের চাবাহার এবং রাস্ক শহরে এই হামলার ঘটনা ঘটে। তেহরান থেকে আল জাজিরার ডোরসা জাব্বারি জানিয়েছেন, এটি জইশ আল-আদলের চালানো মারাত্মক আক্রমণগুলোর মধ্যে একটি। তিনি জানান, বন্দুকধারীরা একযোগে বিভিন্ন নিরাপত্তা ও সামরিক কম্পাউন্ডে হামলা চালায়। তাদের পরনে আত্মঘাতী পোষাকও ছিল।

জব্বারি বলেন, নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে কয়েক ঘণ্টা ধরে ওই লড়াই চলে। ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ‘সন্ত্রাসীদের চাবাহার এবং রাস্কে গার্ডস সদর দপ্তর দখলের লক্ষ্যে করা হামলা ব্যর্থ হয়েছে।’

জইশ আল-আদল একটি চরমপন্থি সুন্নি মুসলিম গোষ্ঠী। এরা দক্ষিণ-পূর্ব ইরান ও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করে। এদিকে দামেস্কে ইরানের কনস্যুলার অ্যানেক্সে একটি বিমান হামলায় সাতজন বিপ্লবী গার্ড নিহত হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই হামলা চালানো হলো। ওই হামলায় নিহতদের মধ্যে দুইজন জেনারেলও ছিলেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন