বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাশিয়াকে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাশিয়াকে অন্তত ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ১৮৬ থেকে ৪৩৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত বছরের শেষদিকে তেহরান ও মস্কোতে অনুষ্ঠিত বৈঠকের চুক্তি অনুযায়ী ক্ষেপণাস্ত্রের এই চালান পাঠানো হয়েছে। খবর দ্য টেলিগ্রাফ

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের শেষের দিকে তেহরান ও মস্কোয় পৃথক বৈঠকে এই অস্ত্রচুক্তি হয় বলে রয়টার্সকে নিশ্চিত করেছে একটি সূত্র। পরে চুক্তি অনুযায়ী জানুয়ারির শুরুতে ওই অস্ত্রের চালান শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক সেনা কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত অন্তত চারটি ক্ষেপণাস্ত্রের চালান পাঠানো হয়েছে। যা আগামী সপ্তাহগুলোতে আরও বেশি হবে।

ঊর্ধ্বতন অপর এক কর্মকর্তা বলেছেন, ক্ষেপণাস্ত্রের কিছু চালান বিমানের মাধ্যমে পরিবহন করা হয়েছিল, বাকিগুলো জাহাজে করে ক্যাস্পিয়ান সাগর দিয়ে পাঠানো হয়। তিনি বলেন, ‘এটি লুকানোর কোনো কারণ নেই। স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে আমরা যে কোনো দেশে অস্ত্র রপ্তানি করতে পারি।’

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। অন্যদিকে, পেন্টাগনও এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে অস্ত্র সহযোগিতা জোরদার করেছে ইরান ও রাশিয়া। তেহরান ও মস্কোতে অনুষ্ঠিত বৈঠকের চুক্তি অনুযায়ী জানুয়ারির শুরু থেকে পাঠানো এই ক্ষেপণাস্ত্রগুলো ফাতেহ-১১০ গোত্রের। যেগুলো ১৮৬ থেকে ৪৩৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন