মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

কোনোভাবেই দেশ ছাড়ব না : ইমরান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, কোনোভাবেই দেশ ছাড়ব না । উল্টো তিনি প্রশ্ন করেছেন, ‘আমি কেন দেশ ছাড়ব?’

ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শনিবার দেওয়া এক ভাষণে তিনি এ কথা বললেন।

তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান এও জানিয়েছেন, তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, দেশ ছাড়তে আহ্বান জানানো হলে তিনি দেশ ছাড়বেন কি না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের বাইরে আমার কোনো সম্পদ নেই। আমি সবকিছু বিক্রি করে দিয়ে এখানে (পাকিস্তানে) এসেছি। এটা আমার দেশ।’

শনিবারের ভাষণে ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভের নানান প্রসঙ্গ উঠে এসেছে। তিনি বলেন, সরকার পক্ষ থেকে কেউ বলছে না, বিক্ষোভে ২৫জন নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। তাঁদের হাতে কোনো অস্ত্র ছিল না এবং তাঁদের গুলি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘দেশে কি মানুষের জীবনের কোনো দাম নেই?’

তবে ওই বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, ‘যখন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল আমাকে জিজ্ঞেস করেছিলেন ৯ মের বিক্ষোভ সম্পর্কে, আমি তাঁকে বলেছিলাম, আমি এই ঘটনার কঠোর নিন্দা জানাচ্ছি। শান্তিপূর্ণ বিক্ষোভের বাইরে আমার সমর্থকদের কোনো কর্মকাণ্ড আমি সমর্থন করি না।’

পাকিস্তানের বর্তমান সরকারের সমালোচনা করে ইমরান খান তাঁর ভাষণে বলেন, ‘দেশে কোনো আইন নেই। একমাত্র আশার জায়গা বিচার বিভাগ। আমাদের পরিত্রাণ দেওয়ায় বিচার বিভাগ এবং বিচারপতিরা অসম্ভব চাপে রয়েছেন।’

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন