সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরে ঘুরে বেড়াচ্ছে-জনপ্রিয় অ্যানিমেশন কার্টুন সিরিজ ‘গোপাল ভাঁড়’ নাকি শেষ হয়ে গেছে। সিরিজটি নাকি আর হবে না। এ সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র ‘গোপাল মারা গেছে’ বলে দাবি করা হচ্ছে। শৈশবের প্রিয় কার্টুন সিরিজের প্রধান চরিত্রের মৃত্যুতে সিরিজটি শেষ বলে নানা আবেগঘন পোস্ট করা হচ্ছে অনলাইন মাধ্যমে।
ফেসবুক, ইউটিউব ও টিকটকসহ নানা মাধ্যমে ছোট্ট একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, মৃত্যুশয্যায় শুয়ে আছে গোপাল ভাঁড়। তার পাশে দাঁড়িয়ে কান্না করছেন গোপালের স্ত্রী, নাতি-নাতনি এবং রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যরা।
এ ভিডিও ক্লিপ দেখার পর গোপাল ভক্ত ও নেটিজেনরা ধরেই নিয়েছেন, এত বছরের জনপ্রিয় কার্টুন সিরিজটি হয়তো সত্যিই শেষ হয়ে গেছে। ফলে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন, যেন তারা বাস্তবের কোনো প্রিয় মানুষকে হারিয়েছেন।
এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি গোপাল ভাঁড়ের প্রচার শেষ হয়েছে? এ ব্যাপারে প্রযোজনা সংস্থা কিংবা প্রচার মাধ্যম ‘সনি আট’ কর্তৃপক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বন্ধের কোনো ঘোষণা দেয়া হয়নি। বরং চ্যানেলটিতে প্রতিনিয়ত গোপাল ভাঁড় সিরিজ প্রচার করা হচ্ছে।
এদিকে, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া যে ভিডিওটি নিয়ে এত আলোচনা চলছে, সেটি মূলত নতুন কোনো পর্ব নয়। প্রায় দুই বছর আগে প্রচারিত ১০৩৭ নম্বর পর্বের একটি দৃশ্যই ছড়িয়ে পড়েছে। আর ওই পর্বেও গোপাল ভাঁড় মারা যায়নি। তিনি শুধু ‘মারা যাওয়ার অভিনয়’ করেছিলেন। সেই পুরোনো দৃশ্যটিই সম্প্রতি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
পুরোনো পর্বটির ওই দৃশ্যের সঙ্গে ‘শেষ পর্ব’, ‘গোপালের মৃত্যু’ ও ‘শৈশবের সমাপ্তি’―এমন নানা আবেগমাখা বার্তা জুড়ে দেয়ার কারণে বিষয়টিকে সত্য বলে ধরে নিয়েছেন অনেকে।
তবে বাস্তবে ঘটনাটি একদমই ভিন্ন। পুরোনো পর্বটি প্রচার হওয়ার পরও ‘গোপাল ভাঁড়’ অ্যানিমেশন সিরিজটির নতুন নতুন অনেক পর্ব টেলিভিশনে প্রচার হয়েছে। অর্থাৎ-সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ক্লিপটি কোনোভাবেই ‘গোপাল ভাঁড়’ সিরিজের শেষ পর্ব হওয়ার ঘোষণা নয়।
খুলনা গেজেট/এনএম

