নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরে প্রদর্শিত হয়েছিল মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। পেয়েছিল প্রশংসা। জায়গা করে নিয়েছিল অস্ট্রিয়ার ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা’, ইতালির ‘কারাওয়ান ফেস্টিভ্যাল’সহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে। অতঃপর গত বছরের নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই সিনেমা। তবে যে অঞ্চলের গল্প, যেখানকার শিল্পীরা এতে অভিনয় করেছেন, সেই খুলনার মানুষ ‘দেলুপি’ দেখেছিল এক সপ্তাহ আগে।
দেশ-বিদেশ ঘুরে ফের ঘরে ফিরেছে ‘দেলুপি’। আজ শুক্রবার খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হবে সিনেমাটির বিশেষ প্রদর্শনী। এক দিনেই চারটি প্রদর্শনী হবে। নির্মাতা তাওকীর জানান, সকাল সাড়ে ১০টা, বেলা ৩টা, বিকেল ৫টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।
এই প্রদর্শনীগুলোর টিকিট মূল্যও থাকছে হাতের নাগালে। মাত্র ৯৯ টাকায় মিলবে টিকিট। অনলাইনের পাশাপাশি ভেন্যুর সামনেও সরাসরি টিকিট পাওয়া যাবে। উল্লেখ্য, খুলনার পাইকগাছা উপজেলার ‘দেলুটি’ ইউনিয়নের নাম থেকে ‘দেলুপি’ নামটি দিয়েছেন নির্মাতা তাওকীর। গল্পটাও সেখানকার, অভিনয়েও আছেন ওই অঞ্চলের মানুষ। নদী-ভাঙন, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে রাজনৈতিক পটভূমির সংযোগ ঘটিয়ে গল্প বুনেছেন নির্মাতা।
প্রান্তিক পর্যায়ে নির্মিত এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন বলিউডের বিখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপও। তিনি সিনেমাটির আন্তর্জাতিক নিবেদক হিসেবে কাজ করবেন। ‘দেলুপি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে।
খুলনা গেজেট/এএজে

