দুই বছর পর সিনেমা নিয়ে ফিরছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। ১৪ আগস্ট মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। আপাতত সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা।
এক সাক্ষাৎকারে সিনেমাটির পাশাপাশি আরও অনেক বিষয়ে কথা বলেছেন জিৎ। জিজ্ঞেস করা হয়, তার অন্যতম প্রতিদ্বন্দ্বী দেবের প্রসঙ্গে। গত কয়েক বছরে দেব যখন একের পর এক সিনেমা করেছেন, জিৎ তখন অনেকটাই ব্যাকফুটে।
এ প্রসঙ্গে জিৎ জানান, হিন্দি সিরিজ ‘খাকি’র কারণে ছয়-সাত মাস অন্য কাজ করতে পারেননি। তার ভাষ্য, “এরপর আমার কাছে ভালো কোনো গল্পও আসেনি, যেটা আগ্রহ নিয়ে করব। ভাগ্যিস ‘বিপ্লবী ডাকাত’ এসেছে।”
সিনেমার সংখ্যা কম, দেবের সঙ্গে প্রতিযোগিতা, এসব নিয়ে জিতের মন্তব্য, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে বছরে একশর মতো ছবি হয়। সেখানে দু-তিনটি ছবি জিতেরও থাকে। আগে প্রসেনজিৎ বনাম জিৎ হতো, এখন দেব বনাম জিৎ। মিডিয়ার জন্য কখনো ইস্ট বেঙ্গল আর মোহনবাগান হতে পারে, কখনো আর্জেন্টিনা বনাম ব্রাজিল; আবার কখনো সালমান খান বনাম শাহরুখ খান হয়। তবে আমি যখন শুরু করেছিলাম, তখন দেবের অস্তিত্বই ছিল না। তখন প্রসেনজিৎ বনাম জিৎ বলা হতো। এটা আমার কাছে নতুন কিছু নয়। ছবির সংখ্যা কম-বেশি নিয়ে কারোর দিকে আঙুল তোলার মানে নেই। আমার কপালে হয়তো এমনটাই লেখা ছিল।’
উল্লেখ্য, ভারতের কালজয়ী বিপ্লবী অনন্ত সিংয়ের জীবনের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এর অনন্ত সিংয়ের ভূমিকায় আছেন জিৎ। গল্পের প্রয়োজনে সিনেমায় তাকে বহু সাজে অভিনয় করতে হয়েছে। পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত, চন্দন সেন, প্রিয়াঙ্কা সরকার প্রমুখ।
প্রসঙ্গত, দীর্ঘ ক্যারিয়ারে জিৎ ও দেব একবারই একসঙ্গে অভিনয় করেছেন, রাজ চক্রবর্তীর ‘দুই পৃথিবী’। ২০১০ সালের সিনেমাটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। পরে বিভিন্ন সময় গুঞ্জন উঠলেও এই তারকাদ্বয়কে একসঙ্গে আর পাওয়া যায়নি। বরং বারবার তাদের মধ্যকার দূরত্বের কথাই এসেছে সামনে।
খুলনা গেজেট/এএজে

