শুক্রবার । ১২ই জুন, ২০২৬ । ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফিরছে ‘সুড়ঙ্গ’ মাসুদ, টিজার প্রকাশ করে বড় চমক!

বিনোদন ডেস্ক

কথা দিয়ে কথা রেখেছেন নির্মাতা রায়হান রাফী। ২০২৩ সালে ঈদুল আজহায় তার মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল। দর্শকেরা চেয়েছিলেন, সিনেমাটির সিক্যুয়েল আসুক। নির্মাতা ঘোষণাও দিয়েছিলেন। কিছুদিন আগে দ্বিতীয় কিস্তি আসবে বলে গুঞ্জন শোনা যায়। এবার তা সত্যি হতে যাচ্ছে। পুরোদস্তুর অ্যাকশন অবতারে অভিনেতা আফরান নিশো ওরফে ‘সুড়ঙ্গ মাসুদ’-কে নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন নির্মাতা।

শুক্রবার (১২ জুন) বিকেলে হঠাৎ যেন চমকেই দিলেন রায়হান রাফী। আফরান নিশোকে সেই মাসুদের চরিত্রে আবার দেখা যাবে, যেন ভুলেই গিয়েছিল দর্শকেরা। অবশেষে দর্শকের সেই প্রতিক্ষার অবসান ঘটালেন খোদ নির্মাতা নিজেই; আসছে ‘সুড়ঙ্গ ২’। প্রকাশ করলেন এই সিনেমার দেড় মিনিটের দুর্ধর্ষ এক টিজার।

টিজারে আফরান নিশোকে একেবারে ভিন্ন ও দুর্ধর্ষ রূপে দেখা যায়। ভিডিওর শুরুতেই অন্ধকার এক সুড়ঙ্গের দিকে যেতে যেতে মাসুদ রূপী নিশোকে আক্ষেপের সুরে বলতে শোনা যায়, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই। এরপরই তাকে ধ্বংসস্তূপ ও শত্রুদের মোকাবিলা করতে দেখা যায়।

টিজারে হাতঘড়ি পরার সময় নিশোর হাতে ‘ময়না’ নামের একটি ট্যাটুও দর্শকদের নজর কেড়েছে। ভিডিওতে মিখাইল নামের এক খলনায়ককে উদ্দেশ্য করে মাসুদকে বলতে শোনা যায়, তার মতো বহু লোককে তিনি সামলেছেন।

এমন চমক রেখে রায়হান রাফী জানালেন, আসছে ডিসেম্বরেই বড় পর্দায় দেখা হবে। এই সিনেমার মধ্য দিয়ে মূলত রায়হান রাফীর ‘ফিল্ম ইউনিভার্স’-এর বড় পরিসরে যাত্রা শুরু হচ্ছে বলেও জানিয়েছেন নির্মাতা।

টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাপ্রেমী ও ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। রাফীর ফেসবুক পোস্টে মুহূর্তের মধ্যেই মন্তব্যের বন্যা বয়ে যায়। ভক্তরা ‘খেলা জমে গেছে’, ‘অসাধারণ’, ‘মাসুদ ইজ ব্যাক’ লিখে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

চরকি ও আলফা আইয়ের প্রযোজনায় নির্মিত সেই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয়েছিল আফরান নিশোর। প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন তিনি। সিনেমাটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা, যাকে পর্দায় ‘ময়না’ চরিত্রে দেখা গিয়েছিল। এ ছাড়া অভিনয় করেছিলেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ারসহ আরও অনেকে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন