বৃহস্পতিবার । ৪ঠা জুন, ২০২৬ । ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঈদের কোন নাটকগুলো বেশি দেখছে দর্শক?

বিনোদন ডেস্ক

নাটক প্রচারের সবচেয়ে বড় উপলক্ষ্য ঈদ। প্রতি ঈদে কয়েক’শ নাটক টিভি ও ইউটিউবে আসে। ব্যতিক্রম ঘটেনি এবারের কোরবানির ঈদেও। আর যুগের চাহিদায় ইউটিউবই এখন দর্শকের বড় ঠিকানা। সেখানকার ভিউ-প্রতিক্রিয়া গুরুত্বের সঙ্গে নেন নির্মাতা-শিল্পী-কলাকুশলীরা। এই ঈদে ইউটিউবে মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে দর্শকের আগ্রহে এগিয়ে থাকা পাঁচটি নাটকের খবর রইল এখানে…

তোমাদের গল্প ২
গত বছরের রোজার ঈদে এসেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’। সে বছরের সবচেয়ে সফল নাটক এটি। সেই ধারাবাহিকতায় এই ঈদে নির্মাতা আনলেন ‘তোমাদের গল্প ২’। প্রথম নাটকের গল্প যেখানে শেষ হয়েছিল, তারপর থেকেই নতুন নাটকের সূচনা। এবারও দর্শক পছন্দে এগিয়ে আছে নাটকটি। প্রতিবেদনটি লেখার সময় সিনেমাওয়ালা চ্যানেলে এ নাটকের ভিউ ১ কোটি ৫ লাখের বেশি। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার। এর মধ্যে অধিকাংশই ইতিবাচক মন্তব্য। অনেকে আবার নাটকটির তৃতীয় কিস্তির আবদারও তুলছেন। সিদ্দিক আহমেদের গল্পে নির্মিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, খাইরুল আলম সবুজ, সাবেরী আলম, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী প্রমুখ।

মায়াপাখি
সিএমভির ইউটিউব চ্যানেলে এসেছে জাকারিয়া সৌখিনের নাটকটি। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা জুটি। এ জুটির প্রতিটি নাটক দর্শকপ্রিয় হয়েছে। এটিও সে পথেই এগোচ্ছে। ২৯ মে প্রচারের পর নাটকটির ভিউ ছাড়িয়েছে ৮২ লাখ। মন্তব্যের সংখ্যা ১৪ হাজারেরও বেশি। নাটকটিতে অপূর্ব-নীহার সঙ্গে আরো আছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ জাহান জেবিন প্রমুখ।

তোর মায়ায়
এ সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। তাদের প্রায় সব নাটকই দর্শক গ্রহণ করছে। তিন দিন আগে ক্যাপিটাল ড্রামায় এসেছে তাদের অভিনীত ‘তোর মায়ায়’। রুবেল হাসান নির্মিত নাটকটির ভিউ এরই মধ্যে ছাড়িয়েছে ৬২ লাখ। নাটকের গল্প মেজবাহ উদ্দিন সুমনের। অভিনয়ে জোভান-তটিনীর সঙ্গে আছেন লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, অনিন্দিতা মিমি প্রমুখ।

ওয়ারিশ
৩১ মে সিএমভির ইউটিউব চ্যানেলে এসেছে ‘ওয়ারিশ’। পারিবারিক গল্পের নাটকের চাহিদা এখন বেড়েছে। সেই প্রভাব পড়ছে ‘ওয়ারিশ’-এও। অনেকেই নাটকটি দেখছেন, ভূয়সী প্রশংসাও করছেন। এরই মধ্যে নাটকটির ভিউ ৫০ লাখ ছুঁইছুঁই। নিজের গল্পে এটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। অভিনয়ে আছেন তৌসিফ মাহবুব, ইয়াশ রোহান, তারিক আনাম খান, সাফা কবির, প্রিয়ন্তী উর্বী, মনিরা মিঠু প্রমুখ।

অচেনা আমি
ঈদের পর দিন ক্যাপিটাল ড্রামায় উন্মুক্ত করা হয়েছে ‘অচেনা আমি’। তানিম রহমান অংশুর নাটকটিও দেখছে দর্শক। ভিউ ছাড়িয়েছে ৪৩ লাখ। আর মন্তব্য প্রায় ছয় হাজার। নাটকটিতে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। সঙ্গে আছেন আনোয়ারুল আলম সজল, লাবন্য প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন