মঙ্গলবার । ২রা জুন, ২০২৬ । ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফিরছে ‘প্রিয়তমা’র নির্মাতা-অভিনেতা জুটি

বিনোদন ডেস্ক

২০২৩-এ হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ দিয়ে বাজিমাৎ করেছিলেন শাকিব খান। রোম্যান্টিক-ট্র্যাজেডি গল্পটি দর্শকের মন জয় করে, ছবিটি হয় ব্লকবাস্টার। পরের বছর একই নির্মাতার ‘রাজকুমার’ হন শাকিব। এটিও হয়েছিল সফল।

সে সময়ই হিমেল জানিয়েছিলেন, নিজের পরবর্তী ছবিটিও দেশের শীর্ষ নায়ককে নিয়ে করতে চান। তবে এর মধ্যে অন্যান্য নির্মাতার ছবিতে ব্যস্ত হয়ে পড়ায় হিমেলের নির্মাণে আর পাওয়া যায়নি পর্দার ‘তুফান’কে। সে অপূর্ণতা ঘুচতে চলেছে। অবশেষে ফিরছে ‘প্রিয়তমা’র নির্মাতা-অভিনেতা জুটি। গতকাল সে আভাস মিলল নির্মাতার ফেসবুক পোস্ট থেকে। শাকিব-শাকিলের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘একটা গল্পের কিছু হোক, একটা জীবনের কিছু হোক, একটা প্রেমের কিছু হোক, আবার মানুষে মানুষে ভালোবাসার কিছু হোক।’

এ পোস্ট থেকে অনেকেই ভেবে নিচ্ছেন, নতুন ছবি নিয়ে আসছেন তাঁরা। ঘনিষ্ঠ এক সূত্র জানা যায়, গল্প নিয়ে বসেছেন নির্মাতা, অভিনেতা ও প্রযোজক। তাঁদের আলোচনা ইতিবাচক। যদিও ছবিটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ২০২৭-এ আসবে ছবিটি। প্রযোজনায় থাকছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

শাকিলের প্রতিষ্ঠান আলফা আই থেকে এর আগে ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো সফল ছবি করেছেন শাকিব। তাই নতুন ছবিটিও বড় পরিসরের কিছুই হতে চলেছে, এমনটাই অনুমান সিনেপ্রেমীদের।

এদিকে শাকিব অভিনীত ‘রকস্টার’ বর্তমানে চলছে দেশের প্রেক্ষাগৃহে। আজমান রুশোর ছবিটি ঈদে মুক্তি পেয়েছে। এতে শাকিবের সঙ্গে আছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক প্রমুখ। মুক্তির পর থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ছবিটি।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন