উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হয়েছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করে।
মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কায়সার হামিদ জানান, মেয়ের সঙ্গে সফরসঙ্গী হিসেবে গেছেন তার মা লোপা কায়সার। পাশাপাশি সম্ভাব্য লিভার ডোনার হিসেবে সঙ্গে রয়েছেন কারিনার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ।
পোস্টে সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন কায়সার হামিদ। তিনি লেখেন, ‘দোয়া করবেন সবাই, গত রাতে উন্নত চিকিৎসার জন্য আমার মেয়ে কারিনাকে দেশের বাইরে নেওয়া হয় জেট এয়ার অ্যাম্বুলেন্সে।
দেশে থাকা প্রসঙ্গে কায়সার হামিদ বলেন, ‘এখনও দেশে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। একই সঙ্গে ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করতেও সময় লাগছে। তাই আপাতত যেতে পারছি না। তবে পরিবারের অন্য সদস্যরা কারিনার সঙ্গেই আছেন।’
এর আগে সোমবার দুপুরে ভারতের ভিসা পাওয়ার বিষয়টি কায়সার হামিদ নিজেই নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, ‘মাত্রই ভিসা হাতে পেলাম। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ওকে চেন্নাই থেকে নিতে আসবে। এখানে হাসপাতালের অনেক টাকা বিল, পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও অনেক টাকার প্রয়োজন। আম্মার আর আমার কিছু ফিক্সড ডিপোজিট ভাঙছি, আর একটা জমির বায়না করছি। এগুলো আজকের দিনের ভেতর সম্পন্ন হবে।’
প্রসঙ্গত, পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই কারিনার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। আগে থেকেই তাঁর ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে পরিস্থিতি জটিল হয়ে গত শুক্রবার লিভার ফেইলিউর হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
খুলনা গেজেট/এএজে

