সোমবার । ১৩ই এপ্রিল, ২০২৬ । ৩০শে চৈত্র, ১৪৩২

কত সম্পদ রেখে গেলেন আশা ভোঁসলে, উত্তরাধিকারী কে

বিনোদন ডেস্ক

ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে রোববার (১২ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জীবনের পথে সফলতার পাশাপাশি অনেক ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। স্বামী আর ডি বর্মনের মৃত্যু ছিল তার জন্য বড় ধাক্কা। এরপর হারিয়েছেন দুই সন্তানকে, যা একজন মায়ের জন্য গভীর কষ্টের। তবে এত কিছুর পরও তিনি ভেঙে পড়েননি। বরং সংগীতকে আঁকড়ে ধরে নিজেকে সামলে নিয়েছেন বারবার।

বর্তমানে তার একমাত্র জীবিত সন্তান মেজ ছেলে আনন্দ ভোঁসলে। মায়ের শেষ সময় পর্যন্ত পাশে ছিলেন তিনি।

সংগীতের পাশাপাশি আর্থিক দিক থেকেও সফল ছিলেন আশা ভোঁসলে। ২০২৬ সালের হিসাবে অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকাজানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

তার আয়ের বড় অংশ এসেছে ব্যবসা থেকে। বিশেষ করে তার রেস্তোরাঁ চেইন, যার শাখা দুবাই, আবুধাবি, বাহরাইন, কুয়েত ও যুক্তরাজ্যে রয়েছে, ছিল প্রধান আয়ের উৎস। এই ব্র্যান্ড প্রিমিয়াম ভারতীয় খাবারের জন্য পরিচিত।

স্থাবর সম্পত্তির দিক থেকেও তিনি শক্ত অবস্থানে ছিলেন। মুম্বাইয়ের পেডার রোডের ‘প্রভু কুঞ্জ’ অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এছাড়া মুম্বাই ও পুনেতেও তার একাধিক সম্পত্তি রয়েছে।

তবে আর্থিক সাফল্যের চেয়েও বড় তার সংগীতজীবন। তিনি বিভিন্ন ভাষায় ১২ হাজারের বেশি গান গেয়েছেন। তার কণ্ঠ ভারতীয় সংগীতের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে থাকবে এবং দীর্ঘ সময় ধরে মানুষের মনে বেঁচে থাকবে।

তবে তার এই বিশাল সম্পত্তি উত্তরাধিকারী কে হবেন? ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ের পিঁড়িতে বসেন আশা ভোঁসলে। প্রথম স্বামী গনপৎ রাওয়ের সংসারে তিন সন্তান জন্ম দেন তিনি। সেই তিন সন্তান হলেন, বর্ষা ভোঁসলে, হেমন্ত ভোঁসলে এবং আনন্দ ভোঁসলে। এর মধ্যে ২০১২ সালে বর্ষা এবং ২০১৫ সালে হেমন্ত পরলোকগমন করেন। বেঁচে থাকা একমাত্র সন্তান আনন্দ ভোঁসলেই তার সম্পত্তির প্রধান উত্তধারিকার।

১৯৮০ সালে কিংবদন্তি সংগীত পরিচালক রাহুল দেব বর্মণের সঙ্গে দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হন আশা। তবে এই সংসারে তার কোনও সন্তান নেই।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন