শনিবার । ৭ই মার্চ, ২০২৬ । ২২শে ফাল্গুন, ১৪৩২

‘মানুষটির সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন বদলে গেছে’

বিনোদন ডেস্ক

গত বছর জীবনের নতুন অধ্যায় শুরু করেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। তানজিম তৈয়বের সঙ্গে ঘর বাঁধেন এই অভিনেত্রী। এখনো তাদের বিয়ের এক বছর পূর্ণ হয়নি। তবে এ যুগলের প্রথম সাক্ষাতের বর্ষপূর্তি আজ।

এ উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) ফারিয়া তার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেত্রী বলেন, “ঠিক এক বছর আগে আজকের এই দিনে মানুষটির সঙ্গে দেখা করেছিলাম। তারপর আমার জীবন পুরোপুরি বদলে গেছে।”

দাম্পত্য সঙ্গী ফারিয়ার জীবনে নতুন স্বপ্ন এনে দিয়েছে। তা উল্লেখ করে ‘দেবী’ তারকা বলেন, “এখন আমার নতুন স্বপ্ন হলো—তোমার সঙ্গে বুড়ো হওয়া। এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার মতো একটা স্বপ্ন দেওয়ার জন্য মহান আল্লাহকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।”

বরের উদ্দেশ্যে শবনম ফারিয়া বলেন, “আমি খুবই আনন্দিত, তোমার সঙ্গে দেখা হয়েছিল, না হলে আমার এত গুছানো বাসাটাকে অগোছালো করার সাহসই বা কে করত?”

গত বছরের ১৮ সেপ্টেম্বর, বাদ আসর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ফারিয়া-তানজিব। এসময় ঘনিষ্ঠ বন্ধু ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।

ফারিয়ার জীবনসঙ্গী তানজিম তৈয়ব রাজশাহীর সন্তান। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

বলে রাখা ভালো, এটি শবনম ফারিয়ার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৮ সালে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। সে সময় অপু একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে এ সংসার ভেঙে যায়।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন