সংসদে যাওয়ার ইচ্ছা আছে : মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ ১ ফেব্রুয়ারি। আসনটিতে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান। এদিকে দলের হয়ে নৌকার পক্ষে কাজ করছেন মাহিয়া মাহি। এজন্য বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ অবস্থান করছেন তিনি।

বুধবার (১ ফেব্রুয়ারি) ভোটের দিন মাহি জানান, তারও সংসদে যাওয়ার ইচ্ছা আছে। পাশাপাশি দলের জন্য কাজ করে যেতে চান তিনি।

মাহি বলেন, প্রতিটি কেন্দ্রে ঘুরছি। আমার নাচোল উপজেলা থেকে ঘুরে আসলাম। গোমস্তাপুর পুরোটা বাকি আছে। এটা নিয়ে তিন নম্বর কেন্দ্র। আরও কেন্দ্রে ঘুরব। ভোলাহাটে সকালবেলা গিয়েছিলাম। আবারও যাওয়ার পরিকল্পনা আছে। সামনে যাদেরকেই পাচ্ছি তাদের নৌকায় ভোট দেয়ার জন্য বলছি।

এই অভিনেত্রী চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ভোটার। জাতীয় পরিচয়পত্রে কিছুটা জটিলতা থাকায় ভোট দিতে পারেননি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে জানতে পারেন ভোট দিতে পারবেন না তিনি।

নায়িকা বলেন, আমার কাছে মনে হয়েছে আমার এখানে প্রচারণায় থাকা জরুরি। এখন জাতীয় পরিচয়পত্র ঠিক করতে গেলে চার-পাঁচ দিন সময়ের প্রয়োজন। এই আসন নৌকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এ জন্য প্রচারণা বেশি জরুরি। তাই এখানে রয়ে গেছি আমি।

সামনে জাতীয় নির্বাচন ঘিরে পরিকল্পনা কী জানতে চাইলে মাহি বলেন, আমি কাজ করে যেতে চাই। আমাদের প্রধানমন্ত্রী বিবেচনা করবেন কাকে দেয়া যায়। তার সিদ্ধান্তই চূড়ান্ত।

ইচ্ছা যে নেই তা কিন্তু নয়। সবারই মনোবাসনা থাকে একবার সংসদে যাওয়ার। সেই ইচ্ছা অভিনেত্রীরও রয়েছে বলে জানালেন। বলেন, আমারও ইচ্ছা আছে সংসদে যাওয়ার। প্রতিবারই আমি এটা চাইব।

এর আগে গত ৩০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন মাহি। পরে দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে মনোনয়ন দেয়া হয় মুহা. জিয়াউর রহমানকে।

এছাড়া মাহি আগে থেকেই আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।

মাহির স্বামী রাকিব সরকারও রাজনীতিতে সক্রিয়। তিনি গাজীপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন