বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

আমি খুব ছোট : হিমি

বিনোদন ডেস্ক

শোবিজের পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি হিমি অভিনয় করেছেন ‘ফ্যামিলি প্রবলেম’ নামের একটি ধারাবাহিক নাটকে। এটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ।

‘সিএমভি স্ক্রিন’ ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রচার শুরু হবে এটির। এছাড়া ‘চেরাগের দৈত্য’ শিরোনামের একটি একক নাটকেও অভিনয় করেছেন হিমি। এটি পরিচালনা করেছেন জুয়েল হাসান।

কাজের ফাঁকে হিমির সঙ্গে কথা হয় সাংবাদিকদের। ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় পান? এমন প্রশ্নের উত্তরে হিমি বলেন, ‘আগে সময় পেতাম। এখন আসলে নিজের জন্য সময় পাচ্ছি না। ওয়েব সিরিজ, সিরিয়াল, একক নাটকে কাজ করছি। একেকটা থেকে একেকটা আলাদা। সেগুলোর জন্য প্রস্তুতি নিতে হয়। সেই জায়গা থেকে নিজেকে একদমই সময় দিতে পারছি না। যার জন্য আমাকে প্যারাও খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, আশা করি আগামী মাসে সময় পাব, তখন হয়তো পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে। এর আগের সাক্ষাৎকারে হিমি জানিয়েছিলেন, লম্বা বলে কেনো ছেলে তার সঙ্গে প্রেম করার সাহস পায় না।

এত দিন পর প্রেমের জন্য কাউকে পাওয়া গেল? জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, আমার আসলে সময় খুব কম। আমার গ্র্যাজুয়েশন চলছে, তার পাশাপাশি জবে ঢুকেছি। সবকিছু মিলে ওরকমভাবে সময় পাচ্ছি না। তবে সবদিক ঠিকঠাক থাকলে প্রেমের চ্যাপ্টারে সময় দেব। যদি কোনো সময় কাউকে ভালো লাগে তাহলে।

বিয়ে নিয়ে আপাতত পরিকল্পনা নেই জানিয়ে হিমি বলেন, আমি মাত্র গ্র্যাজুয়েশন করছি। খুবই ছোট আমি, যদিও লম্বা হওয়ার কারণে অনেকে বড় মনে করেন। এখনই বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন