বুধবার । ৮ই এপ্রিল, ২০২৬ । ২৫শে চৈত্র, ১৪৩২
খুবিতে ইয়েস প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য

তরুণরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে

গে‌জেট প্রতি‌বেদন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে উদ্বুদ্ধকরণ এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্ট-আপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন বিষয়ক ‘ইয়ুথ এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্টআপ ফর স্টুডেন্টস’ শীর্ষক প্রোগ্রাম রবিবার (৫ এপ্রিল) খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়াধীন এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করেছে খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ নতুন এক সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যার বাস্তবায়ন ক্রমেই দৃশ্যমান হচ্ছে। দেশে চাকরির বাজার সীমিত। তাই চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টি করে অন্যদের জন্যও কাজের সুযোগ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি জাতির প্রত্যাশা অনেক। তারা যদি নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে, তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে উল্লেখযোগ্য সফলতা অর্জন সম্ভব, তাই এ খাতে উৎসাহ দেওয়া জরুরি।

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ হাবের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং প্রশিক্ষণ শেষে সিড মানি দিয়ে উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা হচ্ছে।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান এবং স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই।

স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার আব্দুস সালাম সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যারিয়ার ক্লাবের তাসমিয়া ইসলাম তিশা ও ফাহিম খান।

উদ্বোধন অনুষ্ঠানের পর তিনটি প্লেনারি সেশনে উদ্যোক্তা উন্নয়ন, স্টার্ট-আপ গঠন, মেন্টরশিপ এবং ব্যবসায়িক প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। এ প্রোগ্রামে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনার প্রায় তিনশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন