জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি জানান, ফল প্রকাশের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। বুধবার দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশ করবে।
জানা গেছে, এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ— এই দুই ধরনের বৃত্তির জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে।
গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়। দেশের ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার প্রথম দিন বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি এবং ৩০ ডিসেম্বর গণিত বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে ৩১ ডিসেম্বরের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত এই পরীক্ষা এবছরের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/এএজে

