২০২৬ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বোর্ড জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে মাদ্রাসার সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর ১ মার্চ থেকে ৯ মার্চের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। বিলম্ব ফি ছাড়া সোনালি ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ ২০২৬। যারা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ১১ মার্চ থেকে ১৭ মার্চের মধ্যে ফরম পূরণ করতে পারবেন। বিলম্ব ফিসহ টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ।
ফরম পূরণের আগে শিক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শারীরিক অসুস্থতা বা অনিবার্য কারণে কেউ নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে না পারলে বা অকৃতকার্য হলে, প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলের ভিত্তিতে ফরম পূরণের সুযোগ পাবেন। বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিলযোগ্য করা হয়েছে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য সব বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক হলেও তাদের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে না।
বোর্ড নির্ধারিত ফি অনুযায়ী, নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য ৩ হাজার ৪৯৫ টাকা, সাধারণ বিভাগের জন্য ২ হাজার ৬৮৫ টাকা এবং মুজাব্বিদ মাহির বিভাগের জন্য ২ হাজার ৬৮৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এই ফির মধ্যে বোর্ড ফি এবং কেন্দ্র ফি অন্তর্ভুক্ত। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০০ টাকা এবং রেজিস্ট্রেশন নবায়নের জন্য ২৫০ টাকা ফি প্রযোজ্য হবে। শিক্ষার্থীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে সতর্ক করেছে বোর্ড। অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যেন একই নামের একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর, ছবি ও পিতা-মাতার নাম যাচাই করে সঠিক পরীক্ষার্থী শনাক্ত করা হয়। কোনো ভুল হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। এছাড়া ২০২০-২১ সেশনের এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২৬ সালে পরীক্ষায় অংশ নিতে পারবেন, তবে ২০২১-২২ সেশনের আগের কোনো শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
উল্লেখ্য, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৬ সালের এবং অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানিয়েছে মাদ্রাসা বোর্ড।
খুলনা গেজেট/এএজে

