জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বরাদ্দ বিগত অর্থবছরের তুলনায় বাড়ানো হয়েছে। তবে কমানো হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাজেট বরাদ্দ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগে (পিটিডি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ২ হাজার ১৪১ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই বিভাগের জন্য ১ হাজার ৯৮৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সে হিসাবে পিটিডিতে আগামী অর্থবছরে ১৫৪ কোটি টাকা বেশি বাজেট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে একই মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিভাগে ২০২৬-২৭ অর্থবছরে ২ হাজার ৪৯ কোটি টাকা বাজেট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এই অঙ্ক পূর্ববর্তী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের বরাদ্দের তুলনায় ৮১৭ কোটি টাকা কম। বিগত অর্থবছরে আইসিটি বিভাগের জন্য সংশোধিত বাজেট বরাদ্দ ছিল ২ হাজার ৮৬৬ কোটি টাকা।
দুই বিভাগ মিলিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় হ্রাস পেয়েছে। ২০২৬-২৭ প্রস্তাবিত বাজেটে এই মন্ত্রণালয়ের জন্য মোট ৪ হাজার ১৯০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় যা ৬৬৩ কোটি টাকা কম। সেসময় এই মন্ত্রণালয়ের জন্য মোট সংশোধিত বাজেট বরাদ্দ ছিল ৪ হাজার ৮৫৩ কোটি টাকা।
খুলনা গেজেট/এমএম

