বৃহস্পতিবার । ১১ই জুন, ২০২৬ । ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

রপ্তানীমুখী ১০ খাত পাচ্ছে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ

গেজেট প্রতিবেদন

সরকার রপ্তানিমুখী শিল্প খাতকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করতে ২০২৬-২৭ অর্থবছরে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে। রপ্তানীমুখী ১০ টি খাত পাচ্ছে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির এই সুযোগ।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, তৈরি পোশাক খাতে দীর্ঘদিন ধরে চালু থাকা বন্ড সুবিধার পাশাপাশি অন্যান্য রপ্তানিমুখী খাতেও কাস্টমস বন্ড সুবিধা সম্প্রসারণ করা হবে। এতে বিভিন্ন শিল্পে কাঁচামাল আমদানি সহজ হবে এবং রপ্তানি উৎপাদন বাড়বে।

রপ্তানিমুখী শিল্পের আধুনিকায়ন ও বাণিজ্য সহজীকরণের জন্য নতুন প্রস্তাবে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হবে। পাশাপাশি নতুন ১০টি রপ্তানিমুখী খাত এই সুবিধার আওতায় আসবে।

এ ছাড়া রপ্তানিমুখী কমপ্লায়েন্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বার্ষিক বন্ড অডিটের বাধ্যবাধকতা বাতিলের প্রস্তাব করা হয়েছে। এতে ব্যবসার জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে।

ওয়্যারহাউস ব্যবস্থাপনাও সহজ করা হচ্ছে। এককালীন কাঁচামাল ব্যবহারের সীমা তুলে দেওয়ার পাশাপাশি পণ্য জাহাজীকরণের ক্ষেত্রে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) নেওয়ার সময় ৪৮ ঘণ্টা থেকে কমিয়ে ২৪ ঘণ্টা করার প্রস্তাব করা হয়েছে।

জুয়েলারি শিল্পের জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ এবং বন্ডেড ওয়্যারহাউস পদ্ধতির আওতায় নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাবও দেওয়া হয়েছে, যাতে এই খাতের রপ্তানি কার্যক্রম আরও স্বচ্ছ ও নিয়মিত হয়।

এছাড়া রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে কাঁচামাল আমদানির ক্ষেত্রে ন্যূনতম ৩০ শতাংশ ভ্যালু অ্যাডিশন বাধ্যবাধকতা বাতিলের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, এইও প্রতিষ্ঠানগুলোর জন্য সিস্টেম বেসড সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে দ্রুত পণ্য খালাসের হার বাড়ানো হবে।

পণ্য আমদানির গুণগত মান যাচাইয়ে সরকারি ল্যাবের পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড অনুমোদিত ও আইএসও স্বীকৃত বেসরকারি ল্যাবরেটরিগুলোতেও পরীক্ষা করার সুযোগ রাখা হচ্ছে। এতে সময় ও খরচ কমবে এবং ব্যবসা সহজ হবে বলে সরকার আশা করছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন