শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

সূচকের বড় উত্থানে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

গেজেট প্রতিবেদন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১,০৭৭ ও ২,০৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৬৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ১৭৮ কোটি টাকার বেশি। আগের দিন ডিএসইতে ৪৭৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটে লেনদেন হয়েছে।

এর মধ্যে ৩২৭টির দাম বেড়েছে, ৩৭টির কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো—সিমটেক্স ইন্ডাস্ট্রি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, বিএসসি, ব্র্যাক ব্যাংক, ফাইন ফুডস, মুন্নু ফেব্রিকস, সায়হাম টেক্সটাইল এবং স্কয়ার ফার্মা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট বেড়ে ১৪,৭৮২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩০টির, কমেছে ৪১টির এবং ২১টির অপরিবর্তিত রয়েছে।

সোমবার সিএসইতে ৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৩ লাখ টাকার।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন