বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

হেফাজত ইসলাম একটি উগ্র সাম্প্রদায়িক অপশক্তি : কাদের

গেজেট ডেস্ক

হেফাজত ইসলামকে একটি উগ্র সাম্প্রদায়িক অপশক্তি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিদ্যমান স্বস্তি এবং শান্তি বিনষ্টে দেশের বিভিন্ন স্থানে তারা যে অব্যাহত তাণ্ডব চালিয়ে যাচ্ছে তা সহনশীলতার সকল মাত্রা অতিক্রম করেছে।

নিজ দল ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, ‘সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক অপশক্তির উস্কানিদাতাদের তালিকা প্রস্তুত করে এদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।’ জনগণের জানমালের সুরক্ষা দিতে শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন।

আজ বুধবার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন ও নেতাকর্মীদের নির্দেশনা দেন ওবায়দুল কাদের। এ সময় যারা দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে বা এখনো চালিয়ে যাচ্ছে তাদের সতর্ক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘দেশের জনগণের ধৈর্য ও সহনশীলতার একটা সীমা আছে। সীমা অতিক্রম করলে তার পরিণতি হবে ভয়াবহ।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন