বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

রাজধানীর দক্ষিণখানে আ’লী‌গের দু’গ্রু‌পের গোলাগুলিতে ব্যবসায়ী নিহত

গেজেট ডেস্ক

রাজধানীর দক্ষিণখান থানাধীন আইনুশবাগ চাঁদনগর এলাকায় রশীদ নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বালু ব্যবসার জের ধরে স্থানীয় আ’লীগের দু’পক্ষের মধ্যে বুধবার সকালে গোলাগুলির ঘটনায় উক্ত ব্যবসায়ী নিহত হন বলে জানা গেছে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম জানান, বেলা সাড়ে ১১টায় দুইপক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটে। আ’লীগ নেতা জাপানি হান্নানের গুলিতে রশীদ মারা গেছেন। মরদেহ স্থানীয় কেসি হাসপাতালে রাখা হয়েছে। নিহত আব্দুর রশিদ (৪২) ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি রড, সিমেন্ট ও বালুর ব্যবসা করতেন।

ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান জনের এসি বিপ্লব গোস্বামী বলেন, এ ঘটনায় হান্নানসহ ৬ জনকে আমরা আটক করেছি। ঘটনার পর উত্তেজিত জনতা হান্নানের গাড়ি ও বাড়িতে ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রশীদ ও হান্নানের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। সর্বশেষ বালি রাখা কেন্দ্র করে রশীদের কাছে চাঁদা দাবি করে হান্নান। রশিদ চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে হান্নান শটগান দিয়ে ৩ রাউন্ড গুলি করে হত্যা করে।

এর আগে আ’লীগ নেতা জাপানি হান্নান নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুক লাইভে এসে উত্তেজিত জনতার হামলা থেকে বাঁচতে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কাছে সহযোগিতা চেয়েছেন। ফেসবুক লাইভে তিনি অভিযোগ করে বলেন, ‘প্রতিপক্ষরা ক্ষতিসাধন করার জন্য তার বাড়ি ও গাড়িতে হামলা করেছে’।

এ বিষয়ে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক আজিজুল বলেন, নিহতের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। জাপানি হান্নানের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি-না সে বিষয়ে এখনও আমরা নিশ্চিত না।

এদিকে আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান তার ফেসবুক আইডিতে নিজেকে জাপান বাংলাদেশ মানবাধিকার সংস্থার মহাসচিব ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বলে পরিচয় দিয়ে আসছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন