বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

চেয়ারম্যান হিসেবে দুদকে যোগ দিলেন মঈনউদ্দীন আবদুল্লাহ

গেজেট ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ কর্মস্থলে যোগ দিয়েছেন। বুধবার সকালে দুদক কার্যালয়ে অফিস করেন মঈনউদ্দীন আবদুল্লাহ। একই সময় অফিস করেন দুদকের নতুন কমিশনার মো. জহুরুল হক। এ সময় তাঁদেরকে স্বাগত জানান কমিশনের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার এ এফ এম আমিনুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন এই দুই কর্মকর্তা।

এর আগে গত ৩ মার্চ কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দীন আবদুল্লাহকে দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়। এর আগে তাঁকে কমিশনার নিয়োগ দেওয়া হয়। মঈনউদ্দীন আবদুল্লাহ আগামী পাঁচ বছর এই দায়িত্বে থাকবেন। একই সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহরুল হককে দুদকের কমিশনার নিয়োগ দেওয়া হয়।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের মেয়াদ আগামী ১৩ মার্চ শেষ হচ্ছে। কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলামের মেয়াদও শেষ হচ্ছে এ সময়। এর আগে ২৮ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও একজন কমিশনার নিয়োগে সুপারিশ দিতে বাছাই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। পাঁচ সদস্যের ওই কমিটির সভাপতি ছিলেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন