ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু

গেজেট প্রতিবেদন

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২১৯ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৪৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ও খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজনের প্রাণহানি হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি (২৮০ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬, চট্টগ্রাম বিভাগে ২০৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০, বরিশাল বিভাগে ২০৪, রাজশাহী বিভাগে ৫৭, ময়মনসিংহ বিভাগে ১১২ ও রংপুর বিভাগে ৫৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১০৫ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৪২ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৬, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুরে ৪ জন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন