দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও উদ্ভাবনী শিক্ষা এবং গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও গবেষণা-সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মার্কেটিং ও নার্সিং এর মতো কর্মমুখী শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
প্রতিনিধিদল রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও সচিবসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), রেজিস্ট্রার, ট্রেজারার ও ট্রাস্টি বোর্ডের সদস্য উপস্থিত ছিলেন।

