গোপালগঞ্জের মুকসুদপুরে বসতঘর থেকে মোমেনা বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাটিকামারী ইউনিয়নের জোনারাংক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোমেনা বেগম ওই গ্রামের রুবেল শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ ঘরের দরজা-জানালা বন্ধ করে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মোমেনাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে ঘরের দরজা ভেঙে তাকে নিচে নামানো হয়। খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

