দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
নিহত জামাল মিয়া চাঁদপুর মতলব উত্তর উপজেলার সিপাই কান্দি গ্রামের ছিডু মিয়া বেপারির ছেলে। তার বাবা-মা, স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জামাল মিয়া ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। পরে দেশটির রাজধানীতে ভ্যারাইটি সুপারশপে ব্যবসা করতেন। বুধবার রাতে তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আগে থেকে প্রস্তুত থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
জামালের পরিবারের দাবি, এ তাকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ মর্গে নিয়ে গেছে। এ ঘটনায় তদন্ত শুরু হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ ঘটনায় তার দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আহত তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই কর্মচারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের বাবা মো. ছিডু মিয়া বেপারী জানান, তার ছেলে পরিবারের স্বচ্ছলতার জন্য বিদেশে গিয়ে নিজের কষ্টার্জিত অর্থে ব্যবসা করছিলেন। এখন সন্ত্রাসীদের গুলিতে তাকে হারিয়ে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। তিনি দ্রুত সরকারি নিয়ম অনুযায়ী তার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের বাড়ি সিপাই কান্দিতে দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তার ছেলেকে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা আফ্রিকার রাষ্ট্রদূতের একজন সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। আমরা ইতিপূর্বে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছি। তার পরিবারের প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে

