জাতীয় স্বার্থ নিশ্চিত করেই ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গেজেট প্রতিবেদন

আলোচনার মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করে উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ সফর নিয়ে কোনও ধরনের তাড়াহুড়ো নেই। শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায়। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। তবে ভারতসহ কোনও দেশের সঙ্গেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং কয়েকটি মামলার রায়ও হয়েছে। আরও কিছু মামলা বিচারাধীন। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ফলে শেখ হাসিনার বিষয়টি নতুন কোনও সিদ্ধান্তের বিষয় নয়; এটি দুদেশের মধ্যে চলমান একটি বিষয়। আরও অনেক অপরাধী ভারতে পালিয়ে আছে। তাদের ফিরিয়ে আনার দাবি বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি। এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করা হবে।

ভারত সফরের সম্ভাব্য সময় সম্পর্কে হুমায়ুন কবির বলেন, আগামীকালও যদি জাতীয় স্বার্থের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছানো যায়, তাহলে আগামী সপ্তাহে সফর হতে পারে। আবার পরের সপ্তাহেও হতে পারে। তবে এ নিয়ে কোনও তাড়াহুড়ো নেই। প্রধানমন্ত্রী পর্যায়ের সফর হুট করে আয়োজন করা সম্ভব নয়। এ ধরনের সফরের আগে প্রয়োজনীয় আলোচনা ও প্রস্তুতি নিতে হয়। দুদেশের সরকারপ্রধান যখন বৈঠকে বসবেন, সেটি শুধু আনুষ্ঠানিকতা নয়; এর পেছনে গুরুত্বপূর্ণ আলোচনা ও পর্যাপ্ত প্রস্তুতি থাকে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন