প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন যুক্ত হচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে দরবার হলে মন্ত্রিসভার নতুন চার সদস্যকে শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
মন্ত্রিসভার নতুন চার সদস্য হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও রদবদল হতে পারে।
এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব আয়োজন শেষ হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এই শপথ অনুষ্ঠান পরিচালনা করছে।’
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, এই শপথ অনুষ্ঠানে বারোশ এর অধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে

