প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনীতির উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের ছবি

গেজেট প্রতিবেদন

বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও সুন্দর মুহূর্তের সাক্ষী হলো জাতীয় সংসদ। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উষ্ণ কোলাকুলি দেশের রাজনীতিতে এক নতুন সৌহার্দ্যের বার্তা নিয়ে এসেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পরপরই এই দৃশ্যের অবতারণা হয়। ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অত্যন্ত আন্তরিকতায় একে অপরকে জড়িয়ে ধরছেন এবং তাদের দুজনের চেহারাই ছিল হাস্যোজ্জ্বল।

জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে জনআকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গঠিত হলেও, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় ইস্যুতে দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে বেশ ফারাক ও তিক্ততা দৃশ্যমান হয়ে উঠেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, উত্তপ্ত এই সময়ে দুই শীর্ষ নেতার এই সৌহার্দ্যপূর্ণ আচরণ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিতবাহী।

শুধু তাই নয়, বৃহস্পতিবার সংসদ অধিবেশন কক্ষের পরিবেশ ছিল এক সৌহার্দ্যের বহিঃপ্রকাশ। ফলাফলের পরপরই বিরোধীদলীয় নেতা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। এর পাশাপাশি, রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিয়ে তাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

রাজনৈতিক অস্থিরতার বিপরীতে এই সৌহার্দ্যপূর্ণ দৃশ্যগুলো সাধারণ মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন